
মোঃআব্দুজ জাহের বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৩ নম্বর মারিশ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পাহাড়ধসে একটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। গত ২৮ আগস্ট রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের সদস্যরা।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ইত্তুকমুয়া চাকমা জানান, রাতে হঠাৎ পাহাড়ধসের ঘটনায় তাদের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
পাহাড়ধসের খবর পেয়ে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন, ৩৩ নম্বর মারিশ্যা ইউনিয়ন বিএনপি। পরে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইজ উদ্দিন সাজুর তত্ত্বাবধানে নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার এ কার্যক্রমে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন,উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. আজগর আলী, মোঃ আব্দুর রহিম, জাসাস,সাধারণ সম্পাদক, মারিশ্যা ইউনিয়ন এবং ইউনিয়ন বিএনপির সদস্য নীতিসংকর চাকমা। পুরো কার্যক্রমটি মো. সাইজ উদ্দিন সাজুর তত্ত্বাবধানে পরিচালিত হয়।
এ সময় বিএনপি নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। উপজেলা বিএনপির পক্ষ থেকে পরিবারটির ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং ভবিষ্যতে কীভাবে আরও সহযোগিতা করা যায়, সে বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
এদিকে, পরিবার সূত্রে জানা গেছে, পাহাড়ধসের ঘটনার তিন দিন পর, ৩১ আগস্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
তবে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, পাহাড়ধসের ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে আসেননি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।




