
পতাকা ডেস্ক : প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সংগীতের বড় আয়োজন ‘ইস্পাহানি মির্জাপুর-চ্যানেল আই বাংলা খেয়াল উৎসব-২০২১’। ৩১শে জানুয়ারি রোববার চ্যানেল আই স্টুডিওতে বাংলা খেয়াল উৎসবের উদ্বোধন করেন চ্যানেলটির পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। করোনার কারণে সীমিত পরিসরে অনুষ্ঠিত প্রয়াত আজাদ রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উদ্বোধনী অনুষ্ঠানে শাইখ সিরাজ বলেন, মানুষের অনুপ্রেরণা ও শক্তি বাংলা খেয়াল উৎসবকে এগিয়ে নিয়ে যাবে। যারা শাস্ত্রীয় সংগীত অনুরাগী এবং আগামী প্রজন্মের কাছে শাস্ত্রীয় সংগীতের বুনিয়াদ যাতে শক্তিশালী হয় সেজন্য খেয়াল উৎসব আগামীতে অনেক বেশি ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ফেরদৌস আরা, আজাদ রহমানের স্ত্রী সেলিনা আজাদ, ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ইস্পাহানি টি লি.-এর মহাব্যবস্থাপক ওমর হান্নান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে আজাদ রহমানকে শ্রদ্ধা জানিয়ে একটি প্রামাণ্য প্রতিবেদন প্রদর্শিত হয়। শুদ্ধ সংগীতকে নিয়ে আগামী প্রজন্ম বেড়ে উঠছে তাদের বুনিয়াদ যাতে আরো শক্তিশালী করতে বাংলা খেয়ালের এই উৎসব আরো বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে সংগীতের বিশিষ্টজনেরা। বাংলা উৎসব একটানা চলে ১লা ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত।




