বনের আগুনে পুড়লেন ফায়ার সার্ভিসের ২৭ কর্মী

বনে আগুন নেভাতে গিয়ে নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের ২৭ কর্মীর। এসময় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করতে গিয়ে প্রাণ গেছে আরো তিন বেসামরিক নাগরিকের। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে এ ঘটনা ঘটে। সোমবার চীন সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।
খবরে বলা হয়েছে, সিচুয়ান প্রদেশের মুলি কাউন্টিতে শনিবার দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে কয়েক’শ দমকল কর্মী মোতায়েন করা হয়।
কিন্তু রোববার হঠাৎ করেই বাতাসের গতিপথ পরিবর্তন হয়। ফলে বিশাল এক আগুনের বলয় তৈরি হয়। ওই বলয়ে পড়ে ফায়ার সার্ভিসের ২৭ কর্মীসহ ৩০ জন নিহত হন। পরে উদ্ধারকারীরা ২৬টি মৃতদেহ খুঁজে পেয়েছেন এবং তারা নিখোঁজ অন্য কর্মীদের খোঁজ চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং জরুরি অবস্থা মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।




