স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইয়াবা সম্রাট শাহাজাহান চেয়ারম্যানকে যশোর জেলার বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়। শাহজাহান স্বরাষ্ট মন্ত্রণালয়ের ৯ নম্বর তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ শাহজাহানকে আটকের খবর নিশ্চিত করেছেন। শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র এবং ইয়াবার ৫টি মামলা রয়েছে।
টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান এবং শ্রমিক লীগের সভাপতি এই ইয়াবা ব্যবসায়ী এর আগে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি এলাকায় সাবেক এমপি আবদুর রহমান বদির বাম হাত এবং তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের ডান হাত হিসেবে পরিচিত।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন মো. শাহজাহান। এ সময় তথ্য যাচাই করে দেখা যায়, তিনি একাধিক মামলার কালো তালিকাভূক্ত আসামি।
পরে তাকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশে তুলে দেওয়া হয়। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালে মাসুদ করিম জানান, আটক যাত্রী পোর্ট থানার হেফাজতে আছে। অধিকতর যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



