বদরগঞ্জে রাতের আঁধারে প্রতিপক্ষের আম গাছ কেটে সাবাড়
রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে প্রতিপক্ষের আমগাছ কেটে সাবাড় করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ক্ষতিগ্রস্ত বাগান মালিক নয়ন মিয়া বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর এলাকার মণ্ডলপাড়ায় এঘটনা ঘটেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে নয়ন মিয়া ও তার ভাই জান্নাতুল ফেরদৌস পৈত্রিক সম্পত্তিতে একটি আমবাগান গড়ে তোলেন। সাংসারিক প্রয়োজনে তারা ওই বাগানের আম পাঁচ বছরের জন্য পাঁচ লাখ টাকায় আলম নামে এক ব্যবসায়ীর কাছে আগাম বিক্রি করে দেন। কিন্তু হঠাৎ করে ওই জমি নিজের বলে দাবী করছেন চাচা সাদরুল আমিন ও চাচাতো ভাই শাহীন মিয়া। এরই ধারাবাহিকতায় তারা ওই আম ব্যবসায়ীকে আগাম আম কেনার অপরাধে নানা ধরণের হুমকি-ধামকি প্রদর্শনের পাশাপাশি বাগানের ক্ষতি করার ঘোষণা দেন। এরই এক পর্যায়ে শনিবার রাতে ৭০টি আমগাছ কেটে সাবাড় করা হয়। এতে ওই বাগান মালিকের দু’লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নয়ন মিয়ার অভিযোগ- এর আগে ১০ জুন একইভাবে বাগানের গাছ কাটা হয়েছিল। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
এবিষয়ে বদরগঞ্জ থানায় যোগাযোগ করা হলে ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, বিষয়টি তদন্তের জন্য এসআই আখতারকে দায়িত্ব দেয়া হয়েছে। এসআই আখতার বলেন, একটা ভুতুড়ে জায়গায় ওই আমবাগান। বাগানের গাছ কে কাটছে তা’ তদন্ত করে দেখা হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে ওরা একে অপরের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ করেই আসছে। কিন্তু কে কাটছে তা’ শনাক্ত করা যাচ্ছেনা।
তিনি বলেন, পারিবারিক দ্ব›দ্ব সৃষ্টির জন্য তৃতীয় পক্ষের কেউ গাছ কাটছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
এবিষয়ে জানতে শাহীন মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সেলফোন বন্ধ থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।



