বগুড়ার শেরপুরে চাঁদাদাবির মামলায় দলিল লেখক গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতনিধিি : বগুড়ার শেরপুরে দলিল লেখক হাবিল খন্দকারকে (৪০) আটক করেছে পুলিশ। চাঁদা দাবি অভিযোগের ঘটনায় পুলিশ তাঁকে আটক করে। তাঁর বাড়ি শেরপুর পৌরশহরের শান্তিনগর এলাকায়।
গত ১৯ সেপ্টেম্বর রাতের আটটায় শেরপুর রেজিষ্ট্রি অফিস এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে। এসময় তাঁর কাছে থেকে পুলিশ ছোট একটি চাইনিজ চাকু উদ্ধার করে। গতকাল শুক্রবার হাবিল খন্দকারের নামে চাঁদাদাবি করার অভিযোগ এনে বাদি হয়ে মামলা করেন শেরপুর সাবরেজিষ্ট্রি দপ্তরের দলিল লেখক সমিতির কার্যনির্বাহি সদস্য সাইফুল ইসলাম। শহরের উলিপুর মহল্লায় তাঁর বাড়ি।
গতকাল দুপুরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার এজাহার সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের কাছে বেশকিছু দিন ধরে হাবিল খন্দকার একলাখ টাকা চাঁদাদাবি করে আসছিল। বাদি এই টাকা দিতে অস্বীকার করেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় তিনিসহ তাঁদের সমিতির লোকজন কার্যালয়ে বসেছিলেন। এসময় পুনরায় হাবিল খন্দকার তাঁর কাছে একলাখ টাকা চাঁদাদাবি করে। সে আবারো এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সে তাঁকে চাইনিজ চাকু বের করে হত্যার চেষ্টা করে। এসময় সমিতির কার্যালয়ে অন্যান্যরা তাঁকে উদ্ধার করে।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে এই ঘটনার পর হাবিল খন্দকারকে ছোট আকারের চাইনিজ চাকুসহ পুলিশ আটক করেছে। চাঁদাদাবির অভিযোগের ঘটনা তদন্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে।



