ফেনী যুবদলের সেক্রেটারি নাসির গ্রেফতার

ফেনী প্রতিনিধি : ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (৩ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টন থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদীপ কুমার দাশ জানান, গোয়েন্দা পুলিশের একটি দল নয়াপল্টনের জামান টাওয়ারে নাসির খন্দকারের ব্যবহৃত এন কে ট্রেডার্সের অফিস কক্ষের সামনে সড়কে অবস্থান নেয়। বিকেল ৩টার দিকে অফিসে উঠার সময় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৮টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে ওসি জানান।
এদিকে নাসির খন্দকারকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে রাতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল নেতাকর্মীরা। শহরের ট্রাংক রোডের খেজুর চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ইসলামপুর রোডের বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে সহ-সভাপতি গিয়াসউদ্দিন খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, সদস্য আতিকুর রহমান মামুন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, ছাত্রদল সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সদর উপজেলা যুবদল আহ্বায়ক নিজাম উদ্দিন, পৌর আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রশিদ আহম্মদ মজুমদার ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ প্রমুখ অংশ নেন।




