ফিরছেন সাহারা

গত ৭ মে চিত্রনায়িকা সাহারা তার বিবাহিত জীবনের তিন বছর পূর্ণ করেছেন। বিয়ের পর স্বামী, সংসার নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। এবার নিজেকে গুছিয়ে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ২০১৫ সালের ৭ মে মনির সঙ্গে বিয়ের পর স্বামী, সংসার আর নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত সময় পার করেছিলেন যে অভিনয়ে ফেরার কোনো সুযোগ ছিল না। তাই দেখতে দেখতে অভিনয়ের আঙ্গিনা থেকে দূরে থেকে তিন বছরই কেটে গেল। এখন সবকিছুই গুছিয়ে এনেছেন তিনি। অভিনয়ে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুতও তিনি।
সাহারা বলেন, ‘বিগত তিনটি বছর আমি সংসার জীবনেই সময় দিয়েছি। মেয়েদের জীবনের পরিপূর্ণতার জায়গা হচ্ছে স্বামী আর সংসার। তাই নিয়েই ব্যস্ত ছিলাম। এখন ভাবছি ভালো গল্প পেলে চলচ্চিত্রে অভিনয় করব। সেভাবেই এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি শিগগিরই অভিনয়ে ফিরতে পারব। আমার বিশ্বাস আমার মনের মতো চরিত্র পেলে আবার নিজেকে সেই আগের মতোই চলচ্চিত্রে উপস্থাপন করতে পারব।’
শুধু চলচ্চিত্রেই নয় সাহারার ইচ্ছে আছে ভালো কোনো প্রোডাক্টের বিজ্ঞাপনে কাজ করার। এ দিকে সংসার নিয়ে ব্যস্ত থাকলে বিগত কয়েক বছর সাহারা তার ‘সাহারা ফ্যাশন হাউজ’ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করেছেন। রাজধানীর পুলিশ প্লাজা ও বনানীতে তার দু’টি শোরুমও রয়েছে। এই দু’টি শোরুমের জন্যও তাকে বেশ সময় দিতে হয়। সবমিলিয়ে সংসার জীবন আর ফ্যাশন হাউজ নিয়ে সাহারা পুরোদস্তুর ব্যস্ত। তবে অভিনয়ে ফিরতে চান তিনি হৃদয়ের টানে। যে চলচ্চিত্র তাকে পরিণত করেছে একজন পূর্ণাঙ্গ নায়িকায় সেই চলচ্চিত্রে তিনি নিজেকে আবারো ব্যস্ত রাখতে চান। অবশ্য এ জন্য তিনি তার মনের মতো গল্প আর চরিত্র পেলেই ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। ২০০৪ সালে শাহাদাৎ হোসেন লিটনের নির্দেশনায় ‘রুখে দাঁড়াও’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নায়িকা হিসেবে সাহারার অভিষেক হয়। ২০০৮ সালে বদিউল আলম খোকন পরিচালিত শাকিব খানেরই বিপরীতে ‘প্রিয়া আমার প্রিয়া’ চলচ্চিত্রের ব্যাপক সাফল্যে আলোচনায় আসেন সাহারা। এটি ২০০৮ সালের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়।
শুরু হয় সাহারার নায়িকা জীবনের নতুন অধ্যায়। যে অধ্যায়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনেক নির্মাতা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন চন্দন চৌধুরী, শাহ মো: সংগ্রাম, শাহীন সুমন ও এম বি মানিক, কাজী হায়াৎ, আহমেদ নাসির, রয়েল বাবু, স্বপন চৌধুর, কমল সরকার, শেখ নজরুল ইসলাম, গাজী মাহবুবসহ আরো অনেকে। সাহারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রাজু চৌধুরী পরিচালিত ‘তোকে ভালো বাসতেই হবে’। এরপর তাকে আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয়ে দেখা যায়নি। খুব ছোটবেলা থেকেই সাহারা নাচ শিখেছেন নৃত্য পরিচালক আজিজ রেজার কাছে। সাহারা প্রায় চল্লিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।




