ফাইনাল বিতর্কে আইসিসিকে ধুয়ে দিলেন স্যার গ্যারি সোবার্স
পর্দা নেমেছে বিশ্বকাপ ক্রিকেটের। ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিত দেড় মাস ধরে চলা ক্রিকেট মহারণের সমাপ্তি হয়েছে নাটকীয়তায় ভরপুর এক ফাইনাল ম্যাচ দিয়ে। এমন ম্যাচ তো নিয়মিত হয় না। ফাইনাল তো অনেক দূর, সাধারণ এক দিনের আন্তর্জাতিক ম্যাচ এমনকি ফার্স্ট ক্লাস ম্যাচগুলোতেও এমন ম্যাচ হয়নি এর আগে। জমজমাট এমন ম্যাচে একবার নিউজিল্যান্ড জেতে তো একবার ইংল্যান্ড। পুরো ম্যাচটা হয়েছে এভাবে।দুই দলের নির্ধারিত ১০০ ওভারে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারেও টাই! বাউন্ডারিসংখ্যার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে বিজয়ী দল। তবে এ নিয়মে আপত্তি তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এভাবে চ্যাম্পিয়ন নির্বাচন করার চেয়ে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করলেই পারত আইসিসি, বলেছেন তাঁরা। এবার এ ব্যাপারে মতামত দিলেন ক্রিকেট গ্রেট স্যার গ্যারফিল্ড সোবার্স।
বিশ্বকাপ ট্রফি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে ভাগাভাগি করে দেয়া উচিত ছিল। এমনটি মনে করেন স্যার গ্যারি সোবার্স। ফাইনাল প্রথমে টাই এবং পরে সুপার ওভারেও দু’দলের রান সমান হওয়ায় শুধু একটি দলকে জয়ী ঘোষণা করায় আপত্তি আছে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির। রোববার লর্ডসে জোড়া টাই রোমাঞ্চের পর বাউন্ডারির হিসাবে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ইংল্যান্ডকে।
এমন ফল মেনে নিতে পারছেন না সোবার্স, ‘ম্যাচ শেষে স্কোর যদি সুপার ওভারেও সমান থাকে, তাহলে কিভাবে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করাটা যুক্তিসঙ্গত হতে পারে? কেন নিউজিল্যান্ডকে যৌথ চ্যাম্পিয়ন করা হল না?’
ইয়ন মরগ্যানের সঙ্গে কেন উইলিয়ামসনেরও বিজয় মঞ্চে থাকা উচিত ছিল বলে মনে করেন সোবার্স, ‘খেলার আগে যদি এমন নিয়ম তৈরি হয়ে থাকে তাহলে ঠিক আছে। ট্রফিটা ইংল্যান্ডেই থাকল। কিন্তু খেলার প্রতি অনুরাগ থেকে বলা যায়, বিশ্বকাপ ট্রফি জয় উদযাপনের মঞ্চে নিউজিল্যান্ড অধিনায়কেরও থাকা উচিত ছিল।’




