Uncategorized

ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

সংবাদদাতা, ফরিদপুর : ফরিদপুরে জাহিদুল খা হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। রোববার বেলা পৌণে তিনটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: সেলিম মিয়া এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় পাঁচ আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২১ ডিসেম্বর রাতে তাস খেলায় জয় পরাজয়কে কেন্দ্র করে আসামিরা জাহিদুলকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২৩ ডিসেম্বর জাহিদুলের স্ত্রী মোসা: জিয়াসমিন বেগম বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ফরিদপুর সদর উপজেলার ধুলদী রাজাপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে আকাশ (১৮), একই গ্রামের কামাল শেখের ছেলে সাইফুল শেখ (২৭), কিতাব আলির ছেলে হাসেম শেখ (৩৫), শোভা খা’র ছেলে জাহিদ খা (২৮), মৃত আলিম বেপারীর ছেলে জুয়েল বেপারী (৩২)। রায় ঘোষণার সময় আসামি আকাশ আদালতে অনুপস্থিত ছিলেন।
জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আওলাদ হোসেন মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ফরিদপুর কোতয়ালী থানার কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের জাহিদুল খা ২০১৪ সালের ২১ ডিসেম্বর ধুলদী রাজাপুর গ্রামের ইসমাইল শেখের বাড়িতে গিয়ে সহযোগীদের সাথে তাস খেলা শুরু করে। খেলায় জয় পরাজয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে কোন্দল শুরু হলে ওই পাঁচজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহিদুলকে আহত করে ফেলে রেখে যায়। পরদিন দুপুরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী জিয়াসমিন বাদী হয়ে ২৩ ডিসেম্বর কোতোয়ালি থানায় ওই পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করলে শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button