ফরিদপুরে দুই চিকিৎসকসহ আরও ১৭ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করো আরও ১৭ ব্যক্তি শনাক্ত হয়েছেন। এদের মধ্যে দুই জন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩২১ জন।
সোমবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সুত্রে এ তথ্য জানা গেছে।
নতুন করোনাভাইরাসে শনাক্তদের মধ্যে রয়েছেন- ফরিদপুর ও বোয়ালমারীতে ৫ জন করে, চরভদ্রাসন, সদরপুর ও সালথায় ২ জন করে এবং আলফাডাঙ্গা উপজেলায় ১ জন। তাদের মধ্যে ৮ জন নারী ও ৯ জন পুরুষ।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, আক্রান্ত দুই চিকিৎসকই ফরিদপুর মেডিকেল কলেজে (ফমেক) কর্মরত। তারা হলেন- ডা. মাসুদ করিম ও তার স্ত্রী ডা. সামিনা নাসরিন।
ফমেকের সহকারী পরিচালক মাহফুজুর রহমান বুলু জানান, করোনা শনাক্তকরণ ল্যাবে সোমবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ফরিদপুরের ১৭ ও গোপালগঞ্জের ৮ জনের নমুনায় করোনা ধরা পড়ে।




