ফজলুল হক পুরস্কার গ্রহণ করলেন সুচন্দা ও রাফি

চলচ্চিত্র পরিচালনায় অবদানের ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ গ্রহণ করলেন অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা। আর চলচ্চিত্র সাংবাদিকতা বিভাগে পুরস্কার গেল রাফি হোসাইনের হাতে।
রাজধানীর একটি হোটেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় দুজনের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় সুচন্দা বলেন “ফজলুল হক বাংলা চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টিকারী একজন ব্যক্তিত্ব ছিলেন। এমন একজন মানুষের নামে প্রবর্তিত পুরস্কার পেয়ে আমি আনন্দিত।”
অন্যদিকে রাফি হোসাইন বলেন, “ফজলুল হক প্রয়াত হলেও এই পুরস্কার তাকে বাঁচিয়ে রাখবেন যুগযুগান্তর। পুরস্কার পেয়ে আমি ভীষণভাবে সম্মানিত বোধ করছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, বাচসাসের সাবেক সভাপতি আবদুর রহমান, বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, ছড়াকার আমীরুল ইসলাম, অভিনেতা আল মনসুর, চিত্রনায়ক ওমর সানী, মৌসুমী, চম্পা, প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, রেজওয়ানা চৌধুরী বন্যা ও অনিমা রায়সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০৪ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’।
পুরস্কার প্রদান শেষে ফজলুল হকের সহধর্মিণী কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা মুক্তিযুদ্ধের নতুন উপন্যাসসমগ্র’র মোড়ক উন্মোচন করা হয়। বইয়ের মোড়ক উন্মোচন করেন ড. আনিসুজ্জামান, রাবেয়া খাতুনসহ অনেকেই।




