রাজনীতি

ফখরুলের শূন্য আসনে ভোট ১৮ জুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বগুড়া-৬ শূন্য আসনে ভোট জুনের মাঝামাঝি করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেক্ষেত্রে ১৮ জুন ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৮ মে) তফসিল ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, ফখরুলের শূন্য আসনে ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিনে(ইভিএম) ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির। ভোট দেয়ার সময় পরিবর্তন করে সকাল ৯টা থেকে ৫টায় নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ১৮ জুন একটি সংরক্ষিত মহিলা আসনের (বিএনপি) ভোটও অনুষ্ঠিত হবে।
একাদশ সংসদের কার্যক্রম ২৯ জানুয়ারি শুরু হওয়ায় ৯০ দিনের সেই সময়সীমা (২৯ এপ্রিল) সোমবার পেরিয়ে যায়। শেষ দিনে বিএনপির চারজন সংসদ সদস্য শপথ নেন, তার তিন দিন আগে নেন অন্য একজন।
বিএনপি মহাসচিব শপথ নিতে কোন আবেদন না করায় ৩০ এপ্রিল রাতে সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আসনটি শূন্য ঘোষণা করে বলেন, সংবিধান অনুযায়ী সংসদের প্রথম বৈঠক থেকে ৯০ দিনের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিতে অসমর্থ হওয়ায় তার আসনটি শূন্য হয়েছে।
জাতীয় সংসদের কোন আসন শূন্য হলে কার্যপ্রণালী বিধি অনুযায়ী তা সংসদকে জানাতে হয়; সেটাই জানান স্পিকার। কার্যপ্রণালী বিধির ১৭৮ (৩) বিধিতে বলা আছে, যদি কোন সদস্য তার আসন থেকে পদত্যাগ করেন কিংবা সংসদের অনুমতি না নিয়ে একাধিক্রমে ৯০ দিন বৈঠকে অনুপস্থিত থাকেন, কিংবা সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (১) (ক) দফায় উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যে শপথগ্রহণ করতে ও শপথ-পত্রে স্বাক্ষর প্রদান করতে ব্যর্থ হন কিংবা অন্য কোনভাবে সদস্য না থাকেন, তাহলে সংসদ অধিবেশনে স্পিকার তা সংসদের গোচরে আনবেন। তবে শর্ত থাকে যে, সংসদ অধিবেশন না থাকলে পরবর্তী অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই স্পিকার সংসদকে জানাবেন যে, অধিবেশন মধ্যবর্তী সময়ে ওই সদস্য পদত্যাগ করেছেন বা সদস্যপদ হারিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button