প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের উপর রংপুরে কর্মশালা অনুষ্ঠিত
রংপুর ব্যুরো : রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের উপর দিনব্যাপী এ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান এর সভাপতিত্বে কর্মশালার শুরুতে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সঞ্চালনায় বিশেষ ১০ উদ্যোগের উপর একটি প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এই বিশেষ দশ উদ্যোগের উপর বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন,(স্থানীয় সরকার) উপপরিচালক জিলুফা সুলতানাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
দিনব্যাপী এ কর্মশালায় অতিথিবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের প্রতিটি নির্বাচনী ইশতেহারেই দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ দারিদ্র্য ও ক্ষুধা মুক্তি, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে প্রয়োজনের নিরিখে বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। যার মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রায়ন প্রকল্প-২, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধি অন্যতম যা প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ নামে পরিচিত।
দিনব্যাপী এ কর্মশালায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনীতিবিদ আইনজীবী, সাংবাদিক, এনজিও সংস্থার প্রতিনিধি, চেম্বারের প্রতিনিধিসহ দশটি গ্রুপে দশজন করে ১০০জন অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারের করণীয় নির্ধারণের বিষয়ে গ্রুপ ভিত্তিক আলোচনাসহ লিখাতভাবে সুপারিশ প্রদান করেন।




