পুরস্কার পেয়েই বিচ্ছেদ ঘোষণা

৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন গিয়েরমো দেল তোরো। আর অস্কার পেয়েই ঘোষণা দেন নিজের বিবাহবিচ্ছেদের। এর আগে তিনি গোল্ডেন গ্লোব, বাফটায় পুরস্কার জিতেছিলেন। ম্যাক্সিকোর পরিচালক ও প্রযোজক তোরোর ‘শেপ অব ওয়াটার’ এখন চলচ্চিত্রদুনিয়ার অন্যতম আলোচ্য বিষয়।
গিয়েরমো দেল তোরো আর লরেঞ্জার সংসারটি টিকছে না, এমন একটি গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। এই গুঞ্জন আরও জোরদার হয় যখন গত সোমবার অস্কারের লাল গালিচায় এই নির্মাতা কিম মরগ্যান নামের এক চিত্রনাট্যকারের হাতে হাত ধরে প্রবেশ করেন। দেল তোরোর আসন্ন ছবি ‘নাইটমেয়ার অ্যালে’র চিত্রনাট্য লিখেছেন কিম। তবে কিমের সাথে এই বিবাহবিচ্ছেদের কোনো যোগসূত্র নেই বলে জানান এই অস্কারজয়ী নির্মাতা। কিমকে তিনি ‘ভালো বন্ধু’ বলেই সবার সাথে পরিচয় করিয়ে দেন।
গিয়েরমো দেল তোরো বলেন, ‘কিম আমার সাথে কাজ করছে। আমরা খুব ভালো বন্ধু। কেউ এটি নিয়ে কানাঘুষা করুক, তার আগেই আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই।’ এরপর এই নির্মাতা বলেন, সাবেক স্ত্রী লরেঞ্জের সাথে তার ছাড়াছাড়ি হয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে। কিন্তু তারা আনুষ্ঠানিক বিচ্ছেদ নেন গত বছর সেপ্টেম্বরে।
গিয়েরমো দেল তোরোর দাবি কিম মরগ্যানের সাথে তিনি কাজ শুরু করেছেন এর পরে। তাই বিবাহবিচ্ছেদের সঙ্গে এই নারীকে জড়ানোর কোনো কারণই নেই।
অস্কার পাওয়ার পর ধন্যবাদ বক্তব্যে আলাদা করে কিমকে ধন্যবাদ জানানোর বিষয়টিও কারও নজর এড়ায়নি। অনেকে বলছেন, বন্ধুত্ব যদি মাত্র কয়েক মাসেরই হয়, তাহলে এরই মধ্যে গিয়েরমো দেল তোরোর এত কাছে কী করে চলে এলেন কিম? এদিকে কিমের সাবেক স্বামী কানাডার চিত্রনাট্যকার গাই মাদিনের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে ২০১৪ সালে। আর লরেঞ্জের সাথে গিয়েরমো দেল তোরোর আছে দুই মেয়ে।



