পীরগাছায় একটি ক্যানেলের কারণে জলাবদ্ধতা

রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের গুয়াবাড়ি এলাকায় (পীরগাছা বাজার) একটি ক্যানেল ভেঙে মুখ বন্ধ হওয়ার কারণে স্থানীয় ২০ পরিবারের বাড়ির উঠান এবং ঘরে পানি প্রবেশ করার কারণে আতঙ্কের মধ্যে দিন অতিবাহিত করছেন পরিবারগুলোর নারী এবং শিশুরা।
সোমবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা গেছে বাড়ির উঠানে, ছ’মিল, রাইস মিলসহ আশে-পাশের দোকান প্রবেশ করেছে পানি।
পীরগাছার ব্যবসায়ী এবং সমাজসেবক মো: নাছির আহমেদ নয়া দিগন্তকে বলেন, আমরা ২০ পরিবারের সকলেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মৌখিকভাবে অভিযোগ দিয়েছি। ক্যানেল এবং ফুখারের মুখ দুইটি খুলে দেয়ার ব্যবস্থা করার জন্য। এসময় আমরা তাকে জানিয়েছি, ক্যানেলের মুখে সরকারি জমি রয়েছে এখানে কারো কোন ক্ষতি হবে না।
নাসির আহমেদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান আমাদের অভিযোগের আলোকে বলেছেন তিনি ক্যানেল এবং ফুখারের মুখ খুলে দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ওই এলাকার আবুল কালাম আজাদ বলেন, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এই পানির কারণে। আমাদের ঘরে প্রবেশ করেছে পানি। বাড়িতে থাকা নারী, শিশু এবং মুরুব্বিরা সব সময় ভয়ে থাকছেন।
বাড়িতে পানি থাকার কারণে বিভিন্ন ধরনরে পোকা মাকড় প্রবেশ করছে।
এলাকার সচেতন মহল ক্যানেল এবং ফুকারের মুখ উদ্ধার করে ওই ২০ পরিবারকে পানিমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছন।




