পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ ব্যাহত

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: পদ্মার উত্তাল রূপ আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে মঙ্গলবার রাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ পারাপার ব্যাহত হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন ।
লঞ্চ মালিকদের বরাত দিয়ে আরিচা নৌ পুলিশের ইনচার্জ সামসুল আলম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদ্মা নদীতে সৃষ্টি হয় প্রবল ঢেউ। যা লঞ্চ চলাচলের জন্য নিরাপদ ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৮টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। লঞ্চ চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে শত শত যাত্রী আটকে পড়েছে। এদিকে দৌলতদিয়া ঘাট সমস্যার কারণে চার দিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি সার্ভিসও কার্যত বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় এই রুটে লঞ্চই ছিলো দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১জেলার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম।
বিআইডব্লিউটিএ কর্মকর্তা জানান, আওহাওয়ার অবস্থা ভাল না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। বুধবার সকাল থেকে প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টি হওয়ায় পদ্মা আরো উত্তাল হয়ে উঠেছে।




