
পাকিস্তানের সামরিক বাহিনীর কমকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি বাতিল করেছে আমেরিকা। পাকিস্তান ও আমেরিকার সামরিক বাহনীর মধ্যে দীর্ঘদিন ধরে যে দ্বিপক্ষীয় সম্পর্ক চলে আসছিল তার ওপর মার্কিন সরকারের এই পদক্ষেপ নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গতকাল (শুক্রবার) জানিয়েছেন, চলতি বছর পাকিস্তানের ৬৬ জন সামরিক কর্মকর্তা এ প্রশিক্ষণ থেকে বাদ পড়বেন। তিনি জানান, অন্য কোনো দেশের সামরিক কর্মকর্তাদের দিয়ে এ শূণ্যস্থান পূরণ করা হতে পারে অথবা নাও হতে পারে। তবে কেন এ সিদ্ধান্ত নেয়া হলো তা পরিষ্কার করেন নি ওই মুখপাত্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জানান, পাক সামরিক বাহিনীর কর্মকর্তাদের জন্য যে প্রশিক্ষণ কর্মসূচি বাতিল করা হয়েছে তার আর্থিক মূল্য প্রায় ২৫ লাখ ডলার। মার্কিন সরকারের এই সিদ্ধান্তের ফলে আরো অন্তত দুটি কর্মসূচি ক্ষতিগ্রস্ত হবে। এ কর্মসূচি বাতিল হলে পাকিস্তান ও আমেরিকার মধ্যে আর কী ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে তা এখনো স্পষ্ট নয়।
ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের বিষয়ে পেন্টাগন ও পাকিস্তানি সামরিক কর্মকর্তারা সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। তবে মার্কিন কর্মকর্তারা মনে করছেন, এ পদক্ষেপ দু দেশের মধ্যে আস্থা সৃষ্টির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে।
পার্সটুডে




