
জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তানি সেনাদের ছোড়া গোলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কয়েকজন। আজ শুক্রবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ভারতের অভিযোগ, কোনো ধরনের উসকানি ছাড়াই বৃহস্পতিবার পাকিস্তানি সেনাদের ছোড়া গোলায় হতাহতের ঘটনা ঘটে। ভারতের দাবি, পাকিস্তানি সেনাদের ছোড়া গোলায় ভারতীয় দুই সেনা নিহত হয়েছেন কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে। অপর ভারতীয় সেনা নিহত হয়েছেন কাশ্মীরের পুঞ্চ সেক্টরে।
ভারতের সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া বলেন, ‘আমাদের সেনারা শত্রুপক্ষের হামলার কঠোর জবাব দিয়েছেন।’ ভারতীয় সেনাদের ‘কঠোর জবাবে’ পাকিস্তানি পক্ষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা স্পষ্ট করেনি ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে, পাকিস্তানের অভিযোগ, নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের হামলায় পাকিস্তানের এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তার বয়স ৬৫ বছর। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানায়, ভারতীয় বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদ জানাতে তারা ইসলামাবাদে ভারতের এক জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ বলেন, ‘ভারতশাসিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে বিশ্বের দৃষ্টি অন্য দিকে সরিয়ে নিতে নয়াদিল্লি সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে।’
ভারতের দাবি, গত আট মাসে পাকিস্তান তিন হাজারের বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে পাকিস্তানের দাবি, চলতি বছর ভারত প্রায় আড়াই হাজারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।




