পদক জেতার পরই বান্ধবীকে বিয়ের প্রস্তাব!

দু’জনই ছিলেন রিও অলিম্পিকের প্রতিযোগী। পদক পেয়েছেন দু’জনই। প্রেমিকা ডাইভার হি জি’র জন্য পদক প্রাপ্তির চেয়ে বেশি আনন্দের বিষয় ছিল যখন তিনি প্রেমিক কিনকে পেলেন তার সামনে হাঁটু গাঁড়া অবস্থায়।
নারীদের তিন মিটার স্প্রিংবোর্ডে সিলভার জেতার উচ্ছ্বাস তখনো কাটেনি চীনের জি’র। খানিকক্ষণ পরই তিনি দেখতে পেলেন তার প্রেমিক কিন, যিনিও তার ইভেন্টে ব্রোঞ্জ জিতে এসেছেন, তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন।
পুরো বিশ্বের সামনেই জি’র দিকে আংটি বাড়িয়ে কিন বলে উঠলেন, ‘তুমি কি আমায় বিয়ে করবে?’ এতে আনন্দে আত্মহারা জি উচ্ছ্বাসে জড়িয়ে ধরেন ‘পাগল প্রেমিক’কে। উত্তরটা এমনই- ‘বলে কী বালক? কেন নয়?’

জি-কিনদের এই প্রণয়কে পরিণয়ে রূপ দেওয়ার প্রস্তাবের মুহূর্তটা তাদের সিলভার-ব্রোঞ্জ জেতার গল্পকেও যেন আড়াল করে দিলো অলিম্পিকের আসরে।
জি’র বক্তব্য, ‘আমরা ছয় বছর ধরে প্রেম করে আসছি, আজকের এ ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমাকে যে বিষয়টি স্পর্শ করেছে, বিশ্বাস। বাকি জীবনটা আমি তাকে বিশ্বাস করতে পারি।’




