নোয়াখালীতে ১০ মন জাটকা জব্দ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০ মন জাটকা জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে জাটকা গুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বায়েজীদ বিন আখন্দ।
বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা প্রসাশক দেওয়ান মাহবুবুর রহমান। তিনি বলেন, অভিযান চালিয়ে ১০ মন জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দুটি পৃথক মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাছ সরকারি শিশু পরিবার সহ আরো ২০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেছে সোনাপুর ফাঁড়ির একদল পুলিশ এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা।
প্রসঙ্গত, জাটকা ইলিশ রক্ষায় গত ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নদ-নদীতে জাটকা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ সময়ে জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে। তবে বড় আকারের ইলিশ ধরতে কোনো বাধা নেই।




