নির্ধারিত সময়েই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি

করোনাভাইরাসের কারণে একের পর এক বাতিল হচ্ছে ক্রীড়া আসর। মঙ্গলবারই যেমন এক বছরের জন্য পিছিয়ে গেছে ফুটবলের দুটি বড় আসর। মহাদেশীয় টুর্নামেন্ট ইউরো ও কোপা আমেরিকা এ বছরের পরিবর্তে হবে ২০২১ সালে।
এদিকে এ বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসার কথা রয়েছে ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্ট- টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অবশ্য জানিয়েছে, নির্ধারিত সময়েই বিশ্বকাপ আয়োজনে পরিকল্পনা করছে তারা।
অস্ট্রেলিয়ার সাত ভেন্যুতে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। দুই পর্বের আসরে অংশ নেবে ১৬টি দল।
মঙ্গলবার বিকেলে এক বিবৃতে আইসিসি জানায়, ‘চলমান করোনাভাইরাস সংকটের প্রতিক্রিয়া হিসেবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ আয়োজক কমিটি সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এবং এটি অব্যাহত থাকবে।’
বিবৃতিতে আইসিসি আরো লিখেছে, ‘ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২০, অস্ট্রেলিয়ার ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আমরা পরিকল্পনা করছি আসরটি এই সূচিতেই চালিয়ে নিতে।’
ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) বলছে, নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস এই আশা প্রকাশ করেন।




