
বাজারে চালের দামে অস্বস্তি। সবজির দাম চড়া। স্বস্তি নেই অন্যান্য নিত্যপণ্যের বেলাতেও। নানা অজুহাতে এসব পণ্যের দাম বাড়ছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত তদারকির অভাবে বাজারে অনেক পণ্যের অস্বাভাবিক দাম রয়েছে। কোনো কোনো পণ্যে অস্বাভাবিক মুনাফা করছেন ব্যবসায়ীরা।
ঈদের পর থেকে ক্রমাগত চালের দাম বাড়ায় যে অস্থিরতা তৈরি হয়েছিল তার রেশ এখনও কাটেনি। ব্যবসায়ীরা কমানোর প্রতিশ্রুতি দিলেও দাম কমেছে অল্পই। এদিকে চালের দামের সঙ্গে বাজারে শাক সবজির দামও চড়া।
রাজধানীরসহ বিভাগীয় ও জেলা শহরগুলেতে প্রায় সব সবজির দামই বেড়েছে। রাজধানীর বাজারে ৫০-৬০ টাকার নিচে মিলছে না তেমন কোনো সবজি। সপ্তাহ ব্যবধানে পেপে ও পটল ছাড়া অন্য সবজির দাম বেশ চড়া। দরবৃদ্ধিতে সবার উপরে রয়েছে কাঁচামরিচ। গত সপ্তাহে প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচ চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। খুচরা বাজারে কোথাও কোথাও প্রতি কেজি কাঁচামরিচের দাম ৩০০ টাকা পর্যন্ত হাঁকছেন বিক্রেতারা।

কাওরান বাজারের সবজি বিক্রেতারা বলেছে, ঢাকার বাইরের বিভিন্ন আড়ত ও মোকাম থেকে সবজির সরবরাহ কমে গেছে। ওইসব অঞ্চলেও বাড়তি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। এর প্রভাবে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারগুলোয় প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে।
এ প্রসঙ্গে যশোরের বড় বাজারের সবজি বিক্রেতা নির্মল সাহা রেডিও তেহরানকে বলেন, এবার অতি বৃষ্টিতে অনেক চাষীর ক্ষেত নষ্ট হয়ে গেছে, তাই সবজি উৎপাদন কম এবং সরবরাহও কমে গেছে। এ কারণে বাজারের সবজির দাম চড়ে গেছে।
এদিকে চালের বাজারেও স্বস্তি আসেনি। মোটা চালের দাম বেড়ে ৫৪ টাকায় যাবার পর এখন কিছুটা কমেছে, তবে তা ৪৮ টাকার নিচে নামে নি। সরু চালের কেজি এখনো ৬৫ টাকা। এ সময়ে কেজিতে ৬ টাকা বেড়েছে আটার দাম। রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব টিসিবি’র হিসাব অনুযায়ী, সপ্তাহ ব্যবধানে সরু চালের দাম কমেছে কেজিতে ২ টাকা। অন্য চালের দর স্থিতিশীল।
অন্যদিকে,এক মাসের ব্যবধানে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে । আগে যে সয়াবিন বিক্রি হতো ৮৪ থেকে ৮৬ টাকা লিটার, এখন তা বিক্রি হচ্ছে ৮৬ থেকে ৮৮ টাকায়।
তবে, সপ্তাহজুড়ে মোটামুটি স্থিতিশীল রয়েছে গোশতের দাম। রাজধানীতে এখন প্রতি কেজি গরুর গোশত বিক্রি হচ্ছে ৪৮০-৫০০ টাকার মধ্যে। এছাড়া প্রতি কেজি খাসি ৭০০-৭৫০, ব্রয়লার মুরগি ১২০-১৩০ ও দেশি মুরগি ৩৭০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পার্সটুডে




