নারীদের কটাক্ষ করে প্রশ্ন:মানিকগঞ্জে শিক্ষক আটক

সংবাদদাতা : রাষ্ট্রবিরোধী ও নারীদের কটাক্ষ করে প্রশ্নপত্র তৈরি করার অভিযোগে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামাজ বিজ্ঞানের সহকারী শিক্ষক ইব্রাহিম দেওয়ানকে আটক করেছে পুলিশ।
সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে প্রশ্নপত্রে তিনি নারীদের অবমাননা ও রাষ্ট্রের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেয়ার ইঙ্গিত করেন। আজ সোমবার সকালে এ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইদ্রিস আলী আযিযি বলেন, পরীক্ষাটি বাতিল করা হয়েছে। আগামী ২৮ জুলাই নতুন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে হবে। এছাড়া বিদ্যালয়ের তিন শিক্ষককে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক রাশেদা ফেরদৌস জানান, অভিযুক্ত শিক্ষক এমন একটি প্রশ্ন করেছেন যাতে কোমলমতি শিক্ষার্থীদের আইন নিজের হাতে তুলে নেয়ার প্ররোচনা দেয়া হয়েছে। এছাড়া তিনি ওই প্রশ্নপত্রে নারীদের কটাক্ষ করেন।
মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে ওই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেক রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছেন। তিনি ছাত্রজীবনে জাসদ রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিন মাস আগে স্ত্রী তাকে তালাক দেন।
তবে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম দেওয়ান দাবি করেছেন, পাঠ্যপুস্তক থেকেই তিনি প্রশ্নপত্র তৈরি করেছেন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘১৪ বছরের বিবাহিত জীবনে আমি স্ত্রীর কারাগারে ছিলাম’




