বিনোদন

নাদিয়ার নিমন্ত্রণে মৌ ও রুনা

দীর্ঘ দিন যাবৎ নাচ ও অভিনয়ের সাথে জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া সম্পৃক্ত থাকলেও এবারই প্রথম তিনি উপস্থাপনা করেছেন। মাছরাঙা টিভিতে আগামী রমজান মাস থেকে প্রতিদিন প্রচারের জন্য নির্মিত ‘জিরো ক্যাল ড্রিংকস অ্যান্ড ডেজার্ট’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন নাদিয়া আহমেদ। এই অনুষ্ঠানে তার নিমন্ত্রণে অনেক তারকাই অংশ নিয়েছেন। তবে গেলো ৯ মে এই অনুষ্ঠানের রেকর্ডিংয়ে তার নিমন্ত্রণে অংশ নিয়েছেন তার দুই বান্ধবী নৃত্যশিল্পী-অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ ও অভিনেত্রী রুনা খান। তারা দু’জন নাদিয়ার উপস্থাপনার দু’টি ভিন্ন পর্বে অংশ নিলেও সে দিন বিএফডিসির তিন নম্বর ফ্লোরের মেকাপ রুমে তিন বান্ধবীর আড্ডাও বেশ জমে ওঠে শুটিংয়ের ফাঁকে ফাঁকে। প্রথমবারের মতো উপস্থাপনা প্রসঙ্গে এবং দুই বান্ধবীর অংশগ্রহণ প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘অনেকেই এর আগে উপস্থাপনা করার কথা বলেছেন।
কিন্তু আমি সাহস পাইনি। কারণ যারা নিয়মিত উপস্থাপনা করেন তারাই তা ভালো পারেন। যেহেতু এই অনুষ্ঠানের সবকিছু আমার ভালোলেগেছে, তাই উপস্থাপনা করার সাহস করেছি। কেমন হয়েছে তা দর্শক ভালো বলতে পারবেন। আমার এই অনুষ্ঠানে অনেক তারকাই এসেছিলেন। তবে গত বুধবার আমার দুই বান্ধবী মৌ ও রুনার অংশগ্রহণ ছিল অনেক আনন্দের। দু’জনের সঙ্গেই দুটো পর্ব উপস্থাপনা আমি ভীষণ উপভোগ করেছি।’ মৌ বলেন, ‘নাদিয়ার প্রথম উপস্থাপনা হলেও সে অনেক ভালো করেছে। আমাদের অংশগ্রহণের পর্বগুলো কেন যেন মনে হয় একটু বেশিই প্রাণবন্ত হবে।’ রুনা খান বলেন, ‘নাদিয়া ব্যক্তি ও কর্ম জীবনে খুব গোছানো একজন মানুষ। যেকোনো কাজই সে খুব সহজে বেশ নান্দনিকভাবেই শেষ করতে পারে। এই অনুষ্ঠানটিতেও নাদিয়াকে তেমনভাবেই পেয়েছি।’ আসছে রমজান মাসের প্রথম দিন থেকে পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন ৪টা ১৫ থেকে ৪ টা ৪৫ মিনিট পর্যন্ত ‘জিরো ক্যাল ড্রিংকস অ্যান্ড ডেজার্ট’ প্রচার হবে।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন অজয় পোদ্দার এবং সার্বিক সহযোগিতায় আছেন নিয়াজ মোর্শেদ রাজীব। নাদিয়ার সঙ্গে মৌয়ের বন্ধুত্বের সম্পর্ক একসঙ্গে নাচতে গিয়ে সেই ছোটবেলায় এবং রুনা খানের সঙ্গে সম্পর্ক অভিনয় করতে এসে। এ দিকে নাদিয়া আজ রাজধানীর উত্তরায় তুষার খানের নির্দেশনায় ‘বহে সমান্তরাল’, মৌ নবাবগঞ্জে মৌসুমীর ‘অদ্ভূত’ এবং রুনা খান উত্তরায় আল হাজেনের ‘সুখের অসুখ’ ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত থাকবেন। সম্প্রতি নাদিয়া আমেরিকায় শ্রেষ্ঠ নৃত্যশিল্পীর পুরস্কার পেয়েছেন ঢালিউড অ্যাওয়ার্ডে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button