নাটোরে রহস্যজনক ভাবে একই বাড়ির দুই গৃহবধু নিখোঁজ

নাটোর প্রতিনিধি : নাটোরে একই বাড়ির দুই জা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার শহরতলীর দিঘাপাতিয়ার উত্তরা গণভবণ এলাকা থেকে রহস্যজনক ভাবে তারা নিখোঁজ হয়েছেন। সকালে নিজেদের বাড়ি থেকে দিঘাপাতিয়া বাজারে জুতা কেনার কথা বলে বের হয়ে তারা আর ফিরে আসেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর সদরের দিঘাপাতিয়া ইউনিয়নের দিঘাপাতিয়া ঘোষপাড়া গ্রামের মোঃ খলিলুর রহমানের দুই ছেলে মোঃ তৌফিক হাসান জয় (৩২) এর স্ত্রী মোছাঃ সুমাইয়া আক্তার বৃষ্টি (২৬) ও তৌহিদ হাসান জিতু (৩০) এর স্ত্রী মোছাঃ সানজিদা খাতুন শোভা (২০) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিঘাপতিয়া বাজারে জুতা কিনার কথা বলে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত দুই গৃহবধূ বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়ির লোকজন সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও তাদের কোন খোঁজখবর পায়নি। দুই গৃহবধূর সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তবে একাধিক সূত্র দাবী করেছে পারিবারিক কলহের কারণে ইচ্ছে করেই দুই জা আতœগোপনে যেতে পারেন।
এ বিষয়ে তৌহিদ হাসান জিতু এই প্রতিবেদককে বলেছেন, তাদের পরিবারে কোন কলহ নেই। তাদের স্ত্রীদের কারো সাথে কোন সর্ম্পক আছে এমন কোন সন্দেহও তারা করেন না। তারা দুই ভাই সকালে শহরের বড় হরিশপুরে নিজেদের ট্রাক নিয়ে ব্যস্ত ছিলেন এমন সময়ে দুই জা বাড়ি থেকে বের হয়ে গেছে। দুপুর থেকে সব জায়গায় খোজ খবর করে তাদের না পেয়ে বিষয়টি নিয়ে তারা খুবই চিন্তিত। রাতেই এ বিষয়ে তা বাবা খলিলুর রহমান নাটোর থানায় জিডি করবেন বলে তিনি জানান।
নাটোর থানার ওসি মোঃ মনসুর রহমান মঙ্গলবার রাতে এই প্রতিবেদককে জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে পুলিশ তাদের উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।




