
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, খাদ্য ব্যবস্থাপনায় অনিয়ম দুর্ণীতি এবং সেবা নিতে আসা রোগীদের সাথে স্বাস্থ্যকর্মীদের অসদাচরণসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪শে জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে ভুক্তভোগী ও স্থানীয় নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলি পারভীনের নলছিটিতে অবস্থান না করা এবং নিয়মিত কর্মস্থলে না এসে দায়িত্বে অবহেলা রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি ওষুধ সঠিকভাবে না দেওয়া, নিম্নমানের খাবার সরবরাহ, দালালচক্রের দৌরাত্ম্যসহ নানা অনিয়ম চলে আসছে। এসব কারণে সাধারণ মানুষ কাংক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি গোপনে কিছু টিকাদান কর্মী নিয়োগ দেওয়া হয়েছে যেটি নিয়োগবিধি লঙ্ঘন করে করা হয়েছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলি পারভীনের এ সকল অনিয়মের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন বলে অভিযোগ করেনে বক্তারা।
সমাজকর্মী ও ভুক্তভোগী বালী তাইফুর রহমান তূর্য বলেন,“এই হাসপাতাল এখন দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়মিত অফিসে না এসে কর্তব্যে গাফিলতি করছেন এবং স্থানীয়দের সঙ্গে অসদাচরণ করছেন। তিনি দাবি করেন, অনিয়মের প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে বিষক্রিয়ায় হত্যার চেষ্টা করা হয়েছিল।”
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএচও) ডা.শিউলী পারভীনের সাথে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি।
ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, “এ বিষয়ে আমরা অবগত আছি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন,“তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



