নলছিটিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে মামলা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ১৯ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাবিব হাওলাদার (৫০) নামে এক বখাটের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই যুবতীর বড় ভাই বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আতাউর রহমান। অভিযুক্ত হাবিব হাওলাদার কুশঙ্গল এলাকার মৃত এস্কেন আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ও পারিবার সূত্রে জানা গেছে, শনিবার (৮জুলাই) সন্ধ্যায় ভিকটিমের মা বাজারে ওষুধ আনতে গেলে ওই যুবতী তার নিজ বসতঘরে একা ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে খালি ঘর পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী ওই যুবতীকে ধর্ষণ করেন হাবিব হাওলাদার। এ সময় ডাক চিৎকারে তার বড় ভাই ছুটে আসেন। ভিকটিমের ভাইকে দেখে
দৌড়ে পালানোর চেষ্টা করলে ভিকটিমের ভাই তার পাঞ্জাবি ধরে ফেললে হাবিব হাওলাদার পাঞ্জাবি ছিড়ে ফেলে রেখে পালিয়ে যান। পরবর্তীতে নলছিটি থানায় খবর দিলে পুলিশ গিয়ে ভিকটিমকে উদ্ধার করে।
এবিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতাউর রহমান বলেন, রোববার সকালে মেয়েটির ভাই বাদী হয়ে মামলা করেছেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের পর থেকে আসামী পলাতক রয়েছে। গ্রেফতারের চেষ্টা চলছে।


