
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ডুবে আদুরী নামে সাড়ে ৩ বছর বয়সি এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাওতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের জসিম হাওলাদারের কন্যা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ওই শিশুটি তাদের বাড়ির পেছনে খালের পাড়ে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সে খালে পড়ে ডুবে যায়।
এদিকে অনেকক্ষণ আদুরীকে দেখতে না পেয়ে পরিবারের লোক ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে খালে তাকে ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই শিশুটির বাবা একটি অপমৃত্যু-মামলা দায়েরের আবেদন করেছেন।




