বিনোদন

নবাবকন্যা হয়েও ট্রলি ঠেলছেন! প্রফুল্ল নেটপাড়া

ব্যক্তিগত কাজে লক্ষ্ণৌ গিয়েছিলেন। ফিরেছেন মুম্বাই। বিমানবন্দরে দেখা গেল পাতৌদির নবাবনন্দিনী সারা আলি খানকে। কিন্তু তাঁর কাণ্ড দেখে চমকে উঠলেন সবাই। কেন? নবাবজাদি হয়েও ট্রলিতে তিনটি ভারী স্যুটকেস তুলে নিজেই ঠেলছেন। কোনোরকম কারো সাহায্য চাইলেন না!

অন্তর্জালে সেই মধুর দৃশ্য ছড়িয়ে পড়ার পর ভক্তকুলে উচ্ছ্বাস। একদিকে নবাবজাদি, অন্যদিকে হালের বলিউড সেনসেশন, তবু কত সাধারণ সারা আলি খান। পাপারাজ্জিদের দেখে অনেকে তিতিবিরক্ত হলেও সারা সদা হাস্যোজ্জ্বল। হাত জোড় করে নমস্কার জানাতেও ভোলেন না। তারকার এমন বিনয়ী স্বভাবে মুগ্ধ নেটপাড়া।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনটি স্যুটকেস ভরা ট্রলি ঠেলছেন সারা আলি খান। কোনো সহকারী বা নিরাপত্তা প্রহরী ছিল দেখা যায়নি। একাই হাঁটছিলেন। হেঁটে হেঁটে পৌঁছান নিজের গাড়ির কাছে। সে সময় এক আলোকচিত্রী সারাকে শুভেচ্ছা জানান। উত্তর দেন তিনিও। সাংবাদিকের উদ্দেশে সারা বলেন, ‘হ্যালো! কেমন আছেন?’ মুখে ছিল সেই চিরচেনা হাসি।

ভক্তরা সারার বিনয়ে প্রফুল্লচিত্ত। অন্তর্জালে একজন লিখেছেন, ‘নিজের লাগেজ বহন করছেন তিনি, যেটা সাধারণত তারকারা করে না! এই সারল্য ও বিনয়ের জন্য তাঁকে আমি ভালোবাসি।’ আরেকজন লিখেছেন, ‘কোনো ম্যানেজার নেই, সহকারী নেই, কুলিও নেই? কী বিনয়াবত!’ আরেক ভক্তের উচ্ছ্বাস, ‘আমার দেখা একমাত্র তারকা তিনি, যিনি নিজের লাগেজ বহন করলেন।’

ভক্তদের প্রশংসা থামছেই না। এক ভক্ত লিখেছেন, ‘সারা কখনো তারকাদের মতো আচরণ করেন না। পোশাক-আশাক থেকে শুরু করে ট্রলি ঠেলা, কী আদুরে আর মানবিক তিনি।’

শুধু কি নেটিজেনরা? সারার প্রশংসা করেছেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরও। লিখেছেন, সেলিব্রেটির আচরণ কেমন হওয়া উচিত, তা দেখিয়ে দিয়েছে সারা।

পাতৌদির নবাব, অভিনেতা সাইফ আলি খান ও প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান। গত বছর তিনি প্রথম করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ গিয়েছিলেন। সঙ্গে ছিলেন বাবা। ওই শোতে তাঁর সারল্য আর মনখোলা আলাপ নজর কেড়েছিল নেটিজেনদের।

মাত্র দুটো ছবি দিয়েই সাড়া ফেলে দিয়েছেন সারা আলি খান। তাঁর তৃতীয় ছবি ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজকাল টু’। এতে তিনি জুটি বেঁধেছেন তাঁর ‘ক্রাশ’ কার্তিক আরিয়ানের সঙ্গে। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে মুক্তি পাবে ছবিটি। এ ছবির প্রথম কিস্তি মুক্তি পায় ২০০৯ সালে, যেখানে প্রধান চরিত্রে ছিলেন সারার বাবা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন। সূত্র : হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button