নতুন নায়ক চেজ

রোস্টন চেজের অসাধারণ নৈপুণ্যে সফরকারী ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জয় থেকে খুব বেশি দূরে ছিল না সফরকারী ভারত। পঞ্চম দিনের শেষ ৩২ ওভারে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেট নিতে পারলেই ম্যাচ জিততো টিম ইন্ডিয়া। কিন্তু চেজের মহাকাব্যিক সেঞ্চুরিতে জ্যামাইকার দ্বিতীয় টেস্টে দুর্দান্ত এক ড্র’র স্বাদ পেলো ক্যারিবীয়রা। চেজের অপরাজিত ১৩৭ রানের সাথে শেন ডোরিচ ও অধিনায়ক জেসন হোল্ডারের জোড়া হাফ-সেঞ্চুরি জয় বঞ্চিত করে ভারতকে। তারপরও চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে কোহলির দল। সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৯২ রানে জিতেছিলো টিম ইন্ডিয়া।
৩০৪ রানের পিছিয়ে থেকে চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং-এ নেমেই বিপদে পড়ে স্বাগতিকরা। ১৫ দশমিক ৫ ওভারে ৪৮ রানেই ৪ উইকেট হারিয়ে বসে ক্যারিবীয়রা। এরপর বৃষ্টি নামলে, ঐদিন আর খেলাই হয়নি।
তাই পঞ্চম দিনটি মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে। টিম ইন্ডিয়া নিশ্চিতভাবে জয়ের স্বপ্নই দেখছিল। আর লড়াই করার স্বপ্নে ছিল ক্যারিবীয়রা। দিন শেষে স্বপ্ন পূরণ হয় ওয়েস্ট ইন্ডিজেরই। স্বাগতিকদের স্বপ্ন পূরণ করেন জার্মেই ব্ল্যাকউড, চেজ, ডোরিচ ও হোল্ডার।
ব্লাকউডকে নিয়ে পঞ্চম উইকেটে ১৭ দশমিক ৪ বলে ৯৩ রান যোগ করেন চেজ। মারমুখী ব্লাকউডকে ফিরিয়ে ভারতকে খেলায় ফেরান ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ৯টি চার ও ২টি ছক্কায় ৫৪ বলে ৬৩ রান করেন ব্লাকউড।
সতীর্থ ব্লাকউড ফিরে গেলেও, ভড়কে যাননি চেজ। সাত নম্বরে নামা উইকেটরক্ষক ডোরিচকে নিয়ে শুরু করেন লড়াই। এই লড়াইয়েও জয়লাভ করেন চেজ ও ডোরিচ। ৩৮ দশমিক ১ ওভার ক্রিজে থেকে ১৪৪ রান যোগ করেন তারা। ১১৪ বলে ৭৪ রান করা ডোরিচকে লেগ বিফোর ফাঁদে ফেলেন ভারতের লেগ স্পিনার অমিত মিশ্র। তাতে আবারো ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ভারত।
আম্পায়ারের ভুল সিদ্বান্তে ডোরিচ যখন আউট হন তখন ম্যাচের ৭১ দশমিক ৪ ওভার। রান ২৮৫।
তখনো ম্যাচের এক সেশনের কিছুটা বেশি সময় বাকী ছিল। ডোরিচের ফিরে যাবার ৪ বল পরই টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন চেজ।
সেঞ্চুরির পরও উইকেটে থাকার মিশনের ছিলেন চেজ। সঙ্গী হিসেবে ছিলেন হোল্ডার। দিনের শেষ ও গুরুত্বপূর্ণ সেশনে ভারতীয় বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছেন চেজ ও হোল্ডার। উইকেট না হারানোর লক্ষ্য পূরণ হয়েছে তাদের। ফলে হারা ম্যাচ ড্র করেই মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১০৪ ওভারে ৬ উইকেটে ৩৮৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
১৫টি চার ও ১টি ছক্কায় ২৬৯ বলে ১৩৭ রানে অপরাজিত থাকেন চেজ। ৯৯ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন হোল্ডার। ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন সামি ও মিশ্র। আগামী ৯ আগস্ট থেকে গ্রস আইসলেটের ড্যারেন সামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ১৯৬ ও ৩৮৮/৬, ১০৪ ওভার (চেজ ১৩৭*, ডোরিচ ৭৪, সামি ২/৮২)।
ভারত : ৫০০/৯ডি, ১৭১.১ ওভার (রাহুল ১৫৮, রাহানে ১০৮*, চেজ ৫/১২১)।
ফল : ড্র।
ম্যান অব দ্য ম্যাচ : রোস্টন চেজ (ওয়েস্ট ইন্ডিজ)।




