ধামরাইয়ে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ঢাকার ধামরাইয়ের রাজাপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে নয়টার দিকে ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত শনিবার বিকেলে ধামরাইয়ের রাজাপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অফিস কক্ষে ডেকে নেন ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল বাশার। এরপর ওইছাত্রীকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় ছাত্রীর চিৎকার করলে স্থানীয় লোকজন অধ্যক্ষকে আটক করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলামিন হাওলাদার তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
চৌহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মহসিন খান ডাবলু বলেন, ধর্ষণের চেষ্টার বিষয়ে আমাকে ভিকটিম কোন কিছু জানায়নি। আমি বিকাল চারটার দিকে কলেজের দিকে যাচ্ছিলাম। তখন মানুষের মুখে শুনি কলেজের অধ্যক্ষকে তার রুমে ছাত্রীসহ আটকিয়ে রেখেছে। আশেপাশে অনেক মানুষ জড়ো হয়েছিল। পরে রাত সাড়ে ৯টায় পুলিশ এসে অধ্যক্ষকে আটকের পর থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রোববার সকালে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।
ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয় এবং রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।




