ধামরাইয়ে চলন্ত অটোরিকশার ওপর বিদ্যুতের খুঁটি পড়ে যুবক নিহত, চালক আহত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে চলন্ত সিএনজি অটোরিকশার ওপর বিদ্যুতের খুটি পড়ে ইমরুল কাউসার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক মিজানুর রহমান গুরুতর আহত হন। মঙ্গলবার বিকেলে ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের নান্দেশ^রী বিডি ফুড কারখানার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরুল কাউসার ধামরাইয়ের আমতা ইউনিয়নের শিয়ালোপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। আহত সিএনজি চালক মিজানুর রহমান ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকার আসার আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, চালক মিজানুর রহমান সিএনজি অটোরিকশায় যাত্রী নিয়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে ধামরাইয়ের কাওয়ালীপাড়া বাজার থেকে সাটুরিয়া রওনা হন। নান্দেশ^রী বিডি ফুড কারখানার পাশে পল্লীবিদ্যুৎ অফিসের ঠিকাদাররা সড়কের পাশে নতুন বিদ্যুতের খুঁটি পোতার সময় খুঁটিটি চলন্ত সিএনজি অটোরিকশার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী ইমরুল কাউসার মারা যান। আর গুরুতর আহত চালক মিজানুর রহমানকে উদ্ধার করে প্রথমে কাওয়ালীপাড়ার জনকল্যাণ হাসপাতালে ও পরে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




