ধামরাইয়ে ইনডেট গ্রুপের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ এলাকায় চরম উত্তেজনা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে রপ্তানীমুখি শিল্পকারখানা এবি গ্রুপের জমি দখল করে গতকাল রোববার ইনডেট গ্রুপ প্রাচীর নির্মাণ শুরু করে। এতে এবি গ্রুপের লোকজন বাঁধা দিলে দুই গ্রুপের লোকজন মুখোমখি অবস্থান নিলে চরম উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ধাওয়া দিয়ে লোকজন সরিয়ে দেয় এবং ইনডেট গ্রপের কাজ বন্ধ করে দেন।
জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় এবি গ্রুপ ৬০০ শতাংশ জমি ক্রয় করে সেখানে শিল্প কারখানা করার প্রস্তুতি নেয়। তার পাশেই ইনডেট গ্রুপ নামে আরেকটি কোম্পানিও কয়েক বিঘা জমি ক্রয় করেন। গতকাল রোববার ইনডেট গ্রুপের লোকজন সীমানা নির্ধারণ না করেই এবি গ্রুপের সাড়ে ১২ শতাংশ জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে। এতে এবি গ্রুপের লোকজন বাঁধা দেয়। খবর পেয়ে ইনডেট গ্রুপের কয়েক’শ লোক সেখানে হাজির হয়। এতে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ধাওয়া দিয়ে দুই পক্ষের লোকজনকেই সেখান থেকে সরিয়ে দিয়ে ইনডেট গ্রুপের কাজ বন্ধ করে দেন।
এব্যাপারে এবি গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার হুুমায়ন কবির সবুজ জানান, সীমানা নির্ধারণ না করেই আমাদের এবি গ্রুপের ডাউটিয়া মৌজার আরএস ২০৮২ ও ২০৯৩ দাগের সাড়ে ১২ শতাংশ জমি দখল করতে আসে ইনটেড গ্রুপের শতাধিক লোক। এসময় তারা এক্রাকেভেটর (ভেকু মেশিন) দিয়ে মাটি খুড়ে সীমানা প্রচীর নির্মাণ শুরু করলে আমরা তাতে বাধা দেই। পরে পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছে।
এদিকে ইনটেড গ্রুপের ম্যানেজার বাহার উদ্দিন এবি গ্রুপের জমি দখলের কথা অস্বীকার করে জানান, বোরবার আমরা আমাদের জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি খুড়ে সীমানা প্রচীর করতে গেলে প্রথমে এবি গ্রুপ বাধা দেয়। পরে পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি (তদন্ত) ওয়াহেদ পারভেজ বলেন, সীমানা প্রচীর নির্মাণ নিয়ে ইনডেট গ্রুপ ও এবি গ্রুপের মধ্যে চরম উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের লোকজনকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে সমাধান না হওয়া পর্যন্ত ইনডেট গ্রুপের প্রচীর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।



