আইন আদালতশিরোনাম

ধর্ষণের মামলায় জাপা নেতা লোটনকে গ্রেপ্তারে পরোয়ানা

জন্মদিন পালন শেষে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় ধর্ষণের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের (৫৩) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ সোমবার সকালে ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু নাসের মো. জাহাঙ্গীর আলম এ আদেশ দেন।
এর আগে গতকাল এই আদালতে জাপা নেতা আলমগীর সিকদার লোটনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা। প্রতিবেদনে মামলার সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী কাজী হুমায়ুন কবির এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদনে আসামির বিরুদ্ধে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
মামলার আরজি থেকে জানা যায়, গত ১ জানুয়ারি আসামি লোটনের জন্মদিন ছিল। সেদিন আসামির অনুরোধে ভিকটিম পুরান ঢাকার বিউটি বোর্ডিংয়ে জন্মদিন পালনে আসেন। জন্মদিন পালনের সময় ভিকটিম ও আসামি কেক কাটেন। কেক কাটার পরে আসামি ভিকটিমকে তাঁর বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে ওঠেন। যাওয়ার সময় আসামি লোটন চালক ও তাঁর সহযোগীদের গাড়ি থেকে নামিয়ে দেন। এরপর আসামি লোটন রাত ৯টার দিকে মোহাম্মাদপুর এলাকার একটি নিরিবিলি স্থানে গাড়ি থামিয়ে ভিকটিমকে গাড়ির ভেতরেই ধর্ষণ করেন।
আরজি থেকে আরো জানা যায়, ধর্ষণের সময় আসামি লোটন তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে কিছু ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর ভিকটিমকে বাসায় পৌঁছে দেওয়ার সময় হুমকি দিয়ে বলেন, ‘বিষয়টি কাউকে জানালে ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেব।’ পরে বিভিন্ন সময় আসামি এ ভিডিও দিয়ে ভিকটিমকে ব্ল্যাকমেইল করেন এবং ভিকটিমকে বিভিন্ন সময়ে বিউটি বোর্ডিংয়ে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় ভিকটিম গত ১১ জুলাই আসামি লোটনের বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ধর্ষণের মামলা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button