দৌলতপুরে পাওনা টাকা চাওয়ার মুক্তিযোদ্ধাকে মারধর
নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুরে পাওনা টাকা ফেরত চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কুব্বত আলী মাস্টার (৭০) নামে এক মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার খলসি ইউনিয়নের বিষ্ণপুর বাজারে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা।
মুক্তিযোদ্ধা কুব্বত আলী মাস্টার জানান, বিদ্যুৎ সংযোগের জন্য তিনিসহ এলাকার আরো কয়েকজন দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে বেশ কিছু টাকা দেন। কিন্তু দেলোয়ার বিদ্যুৎ সংযোগ আনার বিষয়টি নিশ্চিত করতে না পারায় তাকে দেওয়া টাকা ফেরত চান তিনি। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে দেলোয়ার প্রকাশ্যে চর থাপ্পর মারেন। এরপর তার বসতভিটা ভাঙচুরের চেষ্টা চালালে স্থানীয়রা বাধা দেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধা কুব্বতকে মারধরের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।




