দুর্নীতিশিরোনাম

দেশে ফেরামাত্র পি কে হালদারকে গ্রেপ্তারের নির্দেশ

দেশে ফেরামাত্র প্রশান্ত কুমার (পি কে) হালদারকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) করা এক আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, পি কে হালদার জালিয়াতির মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিং থেকে নামে-বেনামে প্রায় আড়াই হাজার কোটি টাকা বের করে নেন। এ কারণে ইন্টারন্যাশনাল লিজিং গ্রাহকের আমানতের টাকাও ফেরত দিতে পারছিল না। এ নিয়ে বিভিন্ন মহল থেকে শোরগোল শুরু হলে গোপনে দেশ ছেড়ে পালিয়ে যান পি কে হালদার।
পি কে হালদারের কারণে ইন্টারন্যাশনাল লিজিংসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান বিপদে পড়ে যায়। প্রতিষ্ঠানগুলো একপ্রকার দেউলিয়া হয়ে পড়ে। এ অবস্থায় টাকা ফেরত পেতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের একাধিক গ্রাহক আদালতের শরণাপন্ন হন। পরে হাইকোর্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে নিয়োগ দেন।
খোন্দকার ইব্রাহিম খালেদ পরে দায়িত্ব থেকে ইস্তফা দেন। এরপর হাইকোর্ট গত মার্চে ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব নজরুল ইসলাম খানকে নিয়োগ দেন।
একপর্যায়ে পি কে হালদার দেশের বাইরে থেকে প্রতিষ্ঠানটির আর্থিক কেলেঙ্কারির দায় স্বীকার করে দেশে ফিরে এসে অর্থ ফেরত দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ জন্য আবেদনও করেন।
এরপর অর্থ উদ্ধারের জন্য আদালতের জিম্মায় ও তত্ত্বাবধানে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় ইন্টারন্যাশনাল লিজিং। বিদেশ থেকে পি কে হালদারকে নির্বিঘ্নে দেশে ফিরিয়ে আনার সুযোগ চেয়ে গত ৬ সেপ্টেম্বর উচ্চ আদালতে আবেদন করে ইন্টারন্যাশনাল লিজিং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button