খেলাশিরোনাম

দেশে ফিরেছে ‘বিশ্বজয়ী’ বীরেরা

অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়ন বাংলার স্বপ্ন সারথিরা দেশে ফিরেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার কিছু আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলটিকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিশ্বকাপজয়ী যুবাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবেন বিসিবি সভাপতি ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিমানবন্দর থেকে বীর ক্রিকেটারদের ক্রিকেট বোর্ডে নেয়া হবে বিশেষ বাসে। ইয়াং টাইগারদের জন্য সকাল থেকে বিমানবন্দরে অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।
ইতিহাস সৃষ্টিকারীদের নিয়ে মাতামাতি হবে এটাই স্বাভাবিক। হয়েছেও তাই। সকাল থেকেই সাজ সাজ রব ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। যেন উৎসবের শহর। এ যাত্রায় রং ছড়িয়েছেন সমর্থকরা।
দেশের ক্রিকেটকে যারা নিয়ে গেছেন গৌরবের শীর্ষে তাদের ছুঁয়ে দেখতে ভক্তদের আকুতি সীমাহীন। সকাল থেকেই তাই লাল সবুজের জার্সিতে বিসিবিতে জড়ো হতে থাকেন সমর্থকরা।
শুরুতে ওয়াটার স্যালুটের কথা থাকলেও, আপাতত তা হচ্ছে না। বিমানবন্দরে কেক কাটার পর্ব শেষে তারা পাবেন ফুলেল সংবর্ধনা। বিসিবি সভাপতি নাজমুল হাসান উপস্থিত থেকে শুরু করবেন আনুষ্ঠানিকতা। ছাদ খোলা বাস তাদের নিয়ে যাবে মিরপুরে হোম অফ ক্রিকেটে।
ইয়াং টাইগারদের এমন অর্জনে শিগগিরই প্রধানমত্রীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।
চমৎকার এ অর্জন যাদের হাত ধরে এসেছে তাদের ধরে রাখতে সরকারের পক্ষ থেকেও উদ্যোগ নেয়া হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
প্রথমবারের মতো ক্রিকেটে বিশ্বকাপের দেখা পায় বাংলাদেশ। তাই যুবাদের বরণ করতে আয়োজনের কমতি রাখেনি বিসিবি।
যুবাদের এমন অর্জনে পুরো দেশই ভাসছে আনন্দে-উল্লাসে। ছেলেদের এমন সাফল্যে সাজসাজ রব করছে দেশের ক্রিকেটের আঁতুড় ঘর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
মিরপুর আসার পর তাদের নিয়ে কেক কাটা হবে। এরপর যুবাদের নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন নাজমুল হাসান পাপন। রাতে ডিনারের ব্যবস্থা থাকবে। এরপর যাদের বাসা ঢাকায় তারা রাতেই চলে যাবেন। আর বাকিরা বিসিবি একাডেমিতে অবস্থানের পর পরদিন সকালে গ্রামের বাড়িতে ফিরবেন।
গত রোববার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক কোনো শিরোপা ঘরে তুলে নিলো বাংলাদেশের যুবারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button