রাজনীতি

দেশে দুর্নীতি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে-বি. চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রশাসন এবং দেশের সবক্ষেত্রে দুর্নীতি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে অথচ দুর্নীতি দমনে উল্লেখযোগ্য প্রয়াস নেই। ফলে আমাদের কাছে প্রতিবেশী ভারতের তূলনায় এক কিলোমিটার রাস্তা ও সেতু নির্মাণে ৮-১০ গুণ বেশি খরচ হয়েছে এবং হচ্ছে। এর প্রতিবিধান করতে পারলে দুর্নীতি কমতো এবং মধ্যবিত্ত ও গরীব মানুষের পকেটে হাত দিতে হতো না।
বি. চৌধুরী চলতি অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে আজ এক বিবৃতিতে একথা বলেন। পাশাপাশি তিনি জাতীয় বাজেটে ভ্যাট কমানো এবং ন্যূনতম আয়করসীমা বাড়ানোর ওয়াদা ভঙ্গের জন্য অর্থমন্ত্রীকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, অনুৎপাদনশীল খাতে সরকারি কর্মচারিদের তোষণ করে ব্যয় বাড়ানো হয়েছে, এর ফলে সরকারের বিরুদ্ধে জনগণের স্বার্থবিরোধী ভূমিকা নেয়ার প্রশ্ন উঠেছে।
তিনি বলেন, বাজেটে সন্ত্রাস দমনে প্রশিক্ষণ ও কৌশল বৃদ্ধির জন্য নতুন সুস্পষ্ট দিক নির্দেশনা নেই।
সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন, শিক্ষাখাতে শুধু অর্থ বরাদ্দ করলেই শিক্ষার উন্নয়ন হয় না। শিক্ষকদের ন্যূনতম সময়ের মধ্যে উচ্চতর যুগোপযোগী প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করা হয়নি।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন না আনায় জাতীয় কর্তব্যবোধ এবং আধুনিক শিক্ষায় পশ্চিমা জাতিগুলোর সাথে প্রতিযোগিতায় দাঁড়ানো সম্ভব হবে না। গুণগত মানের পরিবর্তে তথাকথিত শিক্ষিতের হার বাড়িয়ে আসলে জাতির কোনো লাভ হবে না। অবশ্য নির্বাচনে ভাওতা দেয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button