সরকারের নির্বাচন দরকার : ভোটের দরকার নেই – রিজভী
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : এনটিভি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার জনগণকে ত্যাজ্য করে জালিয়াতির মেশিন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ওপর নির্ভরশীল হয়েছে। সরকারের নির্বাচন দরকার, কিন্তু ভোট দরকার নেই; গণতন্ত্রের মুখোশ দরকার, কিন্তু বিরোধী দলের দরকার নেই; গণমাধ্যম দরকার, কিন্তু মত প্রকাশের স্বাধীনতার দরকার নেই।’
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘পুনরায় ক্ষমতা লাভের কাড়াকাড়িতে ব্যস্ত সরকারের কাছে ইভিএম কেনা অত্যন্ত জরুরি এ জন্য যে, এই মেশিন ভোট গ্রহণের দিন ব্যবহার হলে ভোটারদের প্রয়োজন হবে না। ইভিএম নিয়ে বিশ্বময় অশান্তি ও প্রতিবাদের ঝড় বইছে।’
বিএনপির এই নেতা বলেন, গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তাড়াহুড়া করে বহুল আলোচিত ইভিএম কেনার জন্য তিন হাজার ৮২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সরকার। অন্যদিকে একনেকে এ প্রকল্প অনুমোদন হওয়ারও বেশ কিছুদিন আগে সরকারের দুজন কর্মকর্তা ইভিএম ক্রয় করতে বিদেশ গেছেন।
ইভিএম কেনার পেছনে সরকারের দুটি উদ্দেশ্য কাজ করছে মন্তব্য করে রিজভী বলেন, প্রথমটি হচ্ছে ভোটারবিহীন কারচুপির নির্বাচন, দ্বিতীয়টি হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া।
সরকারদলীয়দের অর্থ আত্মসাতের প্রতি ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী জোট সরকার হরিলুটের সরকার। ব্রিজ, কালভার্ট, সড়ক-মহাসড়ক, উড়াল সেতুর নির্মাণে মাত্রাতিরিক্ত ব্যয় বৃদ্ধি করে ক্ষমতাসীন দলের লোকেরা জনগণের টাকা লোপাট করে যাচ্ছে। অবৈধ সরকার দলীয় লোকদের ‘আঙুল ফুলে কলাগাছ’ বানাতে রাষ্ট্রীয় অর্থভাণ্ডার ডাকাতির সুযোগ করে দিয়েছে বলে এ সময় দাবি করেন তিনি। এনটিভি




