বিনোদন

দুর্গাপূজা মণ্ডপে মা-মেয়ের নাচ : ভিডিও ভাইরাল

বিশ্বজুড়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের মাতৃ আরাধনা। কোথাও নবরাত্রি, কোথাও দুর্গাপূজা, চারদিকে শোনা যাচ্ছে দেবী দুর্গার জয়জয়কার। শুধু সাধারণ মানুষ নয়, এই আনন্দে গা ভাসিয়েছেন বলিউডের জনপ্রিয় তারকারাও।
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন দুই মেয়ে রিনি ও আলিশাকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিভিন্ন মন্দিরে দুর্গাপূজা উৎসব দেখতে বেরিয়েছিলেন। এক মণ্ডপে বড় মেয়ে রিনির সঙ্গে ধুনুচি নাচ করেন এ বলিউড সুন্দরী। সেই ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল।
সাবেক এ বিশ্বসুন্দরী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেয়ের সঙ্গে নাচের ভিডিওটি শেয়ার করেন। ভিডিওটি সঙ্গে সঙ্গে অন্তর্জালে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত প্রায় সাড়ে সাত লাখ দর্শক ভিডিওটি দেখেছেন।
ধুনুচি নাচ দুর্গাপূজার একটি বিশেষ অংশ। দুর্গাদেবীর সামনে দাঁড়িয়ে হাতে ধুনুচি নিয়ে নাচেন ভক্তরা। ধুনুচি নাচের এই ঐতিহ্যকে সুস্মিতা সেন খুব সুন্দরভাবে নাচের মধ্যে তুলে ধরতে সক্ষম হয়েছেন।
ভিডিওতে শাড়ি পরিহিত সুস্মিতা সেনকে খুবই সুন্দর দেখাচ্ছে। সেই সঙ্গে দুই মেয়েকেও বাঙালি ঐতিহ্য মেনে সাজিয়েছেন তিনি।
নাচের ভিডিওটি শেয়ার করে সুস্মিতা সেন ক্যাপশনে লেখেন, বাচ্চাদের সঙ্গে ধুনুচি নাচ নেচে স্বর্গীয় আনন্দ উপভোগ করেছেন তিনি। তাঁর কামনা—ইতিবাচকতা, ভালোবাসা, আশা ও মহানুভবতা ছড়িয়ে পড়ুক সবখানে!
১৯৯৪ সালে সুস্মিতা সেন মিস ইউনিভার্সের খেতাব লাভ করেছিলেন। তারপর কয়েক বছর বলিউডে জমিয়ে কাজ করেন, তিনি দুটি মেয়েকে দত্তক নিয়েছেন। সম্প্রতি এক ফ্যাশন শোতে অংশ নেন তিনি। সূত্র : এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button