
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন ছাত্রের জামিন আবেদন নামঞ্জুর করে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কর্তব্যরত পুলিশের ওপর হামলা, কাজে বাধা দেয়া ও ভাঙচুরের অভিযোগে পৃথক দুই মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।
মঙ্গলবার ২২ ছাত্রকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে রাজধানীর বাড্ডা ও ভাটারা থানার পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। অপরদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ জামিনের আবেদন নামঞ্জুর করে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বাড্ডা ও ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিমান্ডে নেয়া শিক্ষার্থীরা বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর মধ্যে বাড্ডা থানার এক মামলায় ১৪ জন, ভাটারা থানা আরেক মামলায় আসামি ৮ জন।




