জাতীয়শিরোনাম

দুই বছর পর নতুন ঢাকা উপহার দেব : আনিসুল হক

আগামী দুই বছর পর নতুন ঢাকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
তিনি বলেছেন, ঢাকা শহর প্রতিদিন বদলাচ্ছে। একটি নিরাপদ, সবুজ, পরিচ্ছন্ন, মানবিক, স্মার্ট ও স্বাস্থ্যকর আবাসস্থল হিসেবে ঢাকা মহানগরীকে গড়ে তোলার লক্ষ্যে আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
আশা করি দুই বছর পর আপনারা একটি নতুন ঢাকা দেখতে পাবেন।
সোমবার জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ডিএনসিসি, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং জেলা প্রশাসকের কার্যালয় আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন।
ঢাকার বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পূর্ত) শহীদ ইকবাল, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, ইউনিসেফের ওয়াশ স্পেশালিস্ট শফিকুল আলম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক শেখ মুজিবর রহমান, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আসাদুজ্জামান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এসএমএম সালেহ ভূঁইয়া, প্রধান কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ আলম শরীফ খান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমদাদুল হকসহ ডিএনসিসির কর্মকর্তা, স্থানীয় মহিলা কাউন্সিলর আমিনা খাতুন, প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকাসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আনিসুল হক বলেন, দেহের বিভিন্ন অঙ্গের মতই শহরটাকে পরিচ্ছন্ন রাখতে হলে নিজেদের আবাসস্থল এবং চারপাশ পরিস্কার করতে হবে। এছাড়া নগরীর পরিবেশ বাসযোগ্য রাখতে প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় অন্ততঃ একটি করে গাছ লাগানোর জন্য তিনি উপস্থিত শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি স্কুলটির পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ করে। মেয়র আনিসুল হক বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। আলোচনা শেষে মেয়রের নেতৃত্বে একদল শিক্ষার্থী সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার মাধ্যমে দিবসটি উদযাপন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button