অর্থনৈতিক সংবাদ

দুই কোটি টাকার বেশি সম্পদে সারচার্জ দিতে হবে

হাইকোর্টের রায় অনুযায়ী দুই কোটি টাকার বেশি সম্পদের মালিকদের কাছ থেকে সারচার্জ আদায় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।
দুই কোটি টাকার অধিক সম্পদশালীদের কাছ থেকে আরোপিত করের ওপর ১০ শতাংশ হারে সারচার্জ নেয়ার সিদ্ধান্ত বৈধ বলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে ব্যবসায়ীদের লিভ টু আপিলের অনুমতি দিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো: আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বিভাগের বেঞ্চ আজ এ আদেশ দেন।
এই আদেশের ফলে সম্পদশালীদের কাছ থেকে সারচার্জ বা অতিরিক্ত কর নেয়া বন্ধ থাকবে না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর।
তিনি বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ব্যবসায়ীদের আপিলের অনুমতি দেয়া হয়েছে। তবে আপিল বিভাগ বলেছে, সারচার্জ কাটাও অব্যাহত থাকবে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে সম্পদের ওপর প্রথম সারচার্জ আরোপ করে এনবিআর। দুই কোটি টাকার সম্পদের মালিক হলেই আয় অনুযায়ী বিভিন্ন হারে সারচার্জ কেটে আসছিল, যা ২০১৫-১৬ অর্থবছরে চারটি স্তরে পুনর্বিন্যাস্ত করা হয়।
দুই থেকে ১০ কোটি টাকার মালিকদের আয়ে ১০ শতাংশ; ১১ থেকে ২০ কোটি টাকার মালিকদের ক্ষেত্রে ১৫ শতাংশ, ২১ থেকে ৩০ কোটি টাকার মালিকদের ওপর ২০ শতাংশ এবং ৩১ কোটি টাকার বেশি সম্পদের মালিক হলে আয়ের ওপর ২৫ শতাংশ হারে সারচার্জ দিতে হবে বলে জানায় এনবিআর।
ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কয়েকজন ব্যবসায়ী হাইকোর্টে এই আবেদন করেন। শুনানি করে ২০১৬ সালের ১২ জানুয়ারি হাইকোর্ট যে রায় দেয়, তাতে ওই হারে সারচার্জ নেয়া সাংবিধানিক ঘোষণা করা হয়।
ওই রায়ের বিরুদ্ধেই আপিল বিভাগে আবেদন করেছিলেন ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার তাদের পক্ষে আদালতে শুনানি করেন ফিদা এম কামাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button