দীলিপ কুমারের বেঁচে ওঠা অলৌকিক!
কয়েকদিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন বলিউডের কিংবদন্তী অভিনেতা দীলিপ কুমার। কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস নিতে হয়েছিল তাকে। তবে ভক্তদের প্রার্থনায় সুস্থ হয়ে গতকাল বাড়ি ফিরেছেন তিনি। আর তার এই সুস্থতাকে অলৌকিক বললেন দীলিপ পত্নী সায়রা বানু।
কিংবদন্তী অভিনেতাকে হাসপাতালে থেকে বাড়িতে ফিরিয়ে আনার পর এমন কথা জানালেন সায়রা বানু। বললেন, ‘এখন তিনি ভালো আছেন। হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় কয়েকটা দিন দুঃস্বপ্নের মতো কেটেছে। যেভাবে তিনি অসুস্থ হয়েছিলেন সেই অবস্থা থেকে ফিরে আসার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এটা একেবারে অলৌকিক।’
এদিকে দীলিপ কুমার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসায় হাসপাতালের চিকিৎসক, কর্মী ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সায়রা। দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন দীলিপ কুমারের অসংখ্য গুণমুগ্ধকে। তিনি বলেন,‘আল্লাহ আমাদের প্রার্থনা শুনেছেন। এখন তিনি ভালো আছেন। আল্লাহর কাছে আমরা কতটা কৃতজ্ঞ তা আপনাদের বলে বোঝাতে পারব না। তিনি অসুস্থ হয়ে পড়ায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। কী করব বুঝে উঠতে পারছিলাম না। বাড়ি ফিরে আরও সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি।’
ডিহাইড্রেশন ও ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের কারণে ২ আগস্ট মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়েছিল দীলিপ কুমারকে। রক্তে পটাশিয়াম ও ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে থাকায় উদ্বেগে ছিলেন চিকিৎসকরা। তবে চিকিৎসায় সাড়া মেলায় স্বস্তি পান চিকিৎসক ও তার পরিবারের সদস্যরা। গতকাল বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়।
গত কয়েকবছর ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন দীলিপ কুমার। গত বছর এপ্রিল মাসেও একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। ছয় দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় রাজত্ব করেছেন দীলিপ কুমার। দেবদাস, মুঘল-ই-আজম, গঙ্গা যমুনা, ক্রান্তি, কর্মার মতো ছবিতে তার অভিনয় আজও দর্শকদের মুগ্ধ করে। স্বীকৃতি হিসেবে পেয়েছেন পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকের মতো সেরা পুরস্কার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া



