দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে নতুন মুখ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। বাংলাদেশের হয়ে ২টি টুয়েন্টি টুয়েন্টি খেললেও, প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন সাইফ উদ্দিন। এছাড়া দলে আছেন সাকিব আল হাসান, নাসির হোসেন ও লিটন দাস। তবে টেস্ট স্কোয়াডে থাকা দুই পেসার শুভাশিষ রায় ও শফিউল ইসলাম এবং বা-হাতি স্পিনার তাইজুল ইসলাম ওয়ানডেতে সুযোগ পাননি।
চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেনির ক্রিকেটে ২৪টি ম্যাচে ৫১টি উইকেট নিয়েছেন সাইফ। গত এপ্রিলে শ্রীলংকার মাটিতে টি-২০ অভিষেক হয় তার। ঐ সিরিজে ২ ম্যাচে মাত্র ১ উইকেট ও ৬ রান করেন তিনি। গত বছর দেশের মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যুবদলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাইফ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে থাকা সাকিব আছেন ওয়ানডে দলে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ডেপুটি হিসেবেই কাজ করবে বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আগামী ১৫ অক্টোবর কিম্বার্লিতে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে হবে ১৮ ও ২২ অক্টোবর। ওয়ানডে সিরিজের আগে আগামী ১২ অক্টোবর ব্লয়েমফন্টেইনে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।




