sliderআইন আদালতশিরোনাম

ত্বকী হত্যা: বিচারহীনতার ১৫৮ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৮ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই আলোক প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়।

সৈয়দ আনোয়ার হোসেন বলেন, তেরো বছরেও ত্বকী হত্যার বিচার না হওয়া আমাদের বিচারব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়।

ইতোমধ্যে দুটি সরকার চলে গেছে। আমরা বর্তমান সরকারের কাছে দ্রুত ত্বকী হত্যার বিচার দাবি করছি। এ বিচার শুধু ত্বকীর পরিবারের জন্য নয়, সমাজের দায়মুক্তির জন্য করতে হবে।
তিনি আরও বলেন, বিচারব্যবস্থা স্বাধীন না হলে গণতন্ত্র হয় না।

রফিউর রাব্বি বলেন, যে বৈষম্যের বিরুদ্ধে চব্বিশে ছাত্র-জনতা রাজপথে নেমেছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। মানুষে মানুষে বৈষম্য বৃদ্ধি পেয়েছে। বিচারব্যবস্থা এখনো স্বাধীন হয়ে ওঠেনি। পরিবর্তন, সংস্কার ও সমাজ বদলের যে স্বপ্ন মানুষকে উদ্বেলিত করেছে তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, ত্বকীর হত্যাকারীরা বিদেশে রাজকীয় জীবনযাপন করছে। শেখ হাসিনার শাসনামলের মতো নিষেধাজ্ঞা না থাকলেও ত্বকী হত্যায় সুবিচার পাওয়ার অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেফতারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button