sliderস্থানিয়

তৃণমূল বিএনপিও আমার পাশে–ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাজু

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দারুস সালাম থানা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। বিএনপির দুঃসময়ে মাঠে সক্রিয় ভূমিকা রাখলেও এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি সাজু। ফলে তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছেন। তিনি মিরপুরের পাঁচবারের সংসদ সদস্য প্রয়াত এস এ খালেকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিএনপির দুঃসময়ে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলেন সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। নেতাকর্মীরা যখন মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হন, তখন তিনি আর্থিকসহ নানাভাবে সহযোগিতা করেছেন। এ কারণে তৃণমূল পর্যায়ে তার প্রতি আলাদা সমর্থন গড়ে উঠেছে।

যদিও ঢাকা-১৪ আসনে বিএনপির একটি অংশ দলীয় প্রতীকপ্রাপ্ত প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষে কাজ করছে, তবে মাঠপর্যায়ের বিপুল সংখ্যক তৃণমূল নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী সাজুর দিকে ঝুঁকছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে সাজু বলেন, “আমার আশপাশে যাদের দেখছেন, তারা সবাই বিএনপির মানুষ। আমিও বিএনপির—হয়তো সাময়িকভাবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছি। বিএনপির মনোনয়ন না পাওয়াটা অনেকেই মেনে নিতে পারেননি। তাই শুধু বিএনপি নয়, মিরপুরের সর্বস্তরের জনগণ আমার পাশে রয়েছে। ১২ তারিখ নির্বাচনে তারা বিপুল ভোটে আমাকে বিজয়ী করবে বলে আমি আশাবাদী।”

তিনি আরও বলেন, “দীর্ঘ সতেরো বছর ধরে এলাকাবাসীকে নিয়ে আন্দোলন-সংগ্রামে ছিলাম। সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি।”

ইতোমধ্যে ঢাকা-১৪ আসনে ব্যাপক প্রচারণা চালিয়ে আলোচনায় এসেছেন সাজু। ঘরে ঘরে গিয়ে তিনি তার বাবা প্রয়াত এস এ খালেকের মিরপুর উন্নয়নে অবদান ও নিজের দায়বদ্ধতার কথা তুলে ধরে ভোট চাইছেন। তিনি প্রত্যাশা করেন, ঢাকা-১৪ আসনবাসী সঠিক সিদ্ধান্ত নিয়ে ফুটবল প্রতীককে বিজয়ী করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button