বিনোদন

তিন মাস ধরে নির্যাতন করেছেন পরিচালক বিপুল : ইলনাজ

গতকালই সারা বিশ্বে মুক্তি পেয়েছে ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিটি। ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি প্রথম দিন। কিন্তু তার আগেই ‘হ্যাশট্যাশ মি টু’-র কাঠগড়ায় ছবির পরিচালক বিপুল শাহ। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন ইরানি অভিনেত্রী ইলনাজ নরৌজি।
ইলনাজের অভিযোগ, ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে সুযোগ দেওয়ার কথা বলে অডিশনের নাম করে বারবার তাঁকে যৌন হেনস্তা করেছেন পরিচালক। কখনো জড়িয়ে ধরা, কখনো বা চুমু দেওয়ার চেষ্টা করেছেন বিপুল।
ভারতের মিড ডে ম্যাগাজিনে একটি কলাম লিখেছেন ইলনাজ। সেখানে বিপুল শাহর সঙ্গে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানান ‘স্যাকরেড গেমস’ অভিনেত্রী ইলনাজ।
ইলনাজ লিখেছেন, “বিপুল শাহ ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে আমাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয়ের সুযোগ দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু কোনো চুক্তিতে সই করেননি। বারবার চুক্তির কথা বললেও এড়িয়ে গেছেন পরিচালক। কিন্তু ছবিতে সুযোগ দেওয়ার নাম করে বারবার অডিশনের জন্য ডেকে পাঠিয়েছেন।”
এর আগে ওই চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে প্রস্তাব দিয়েছিলেন বিপুল শাহ।
পরে ইলনাজ পরিচালক বিপুল শাহর সঙ্গে সাক্ষাৎ করেন। বিপুল তাঁকে বলেছিলেন, তাঁর ‘লুক টেস্ট’ ও ‘চুক্তিপত্রে সই’ করা প্রয়োজন। ওই সময় ইলনাজ ছবির জন্য অডিশন দেননি। কয়েকদিন পরে ভারসোবা সৈকতে তাঁর অডিশন নেওয়া হয়।
ইলনাজ বলেন, ‘আমি ফের তাঁর অফিসে গিয়ে দেখা করি এবং তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই আমরা চুক্তিপত্রে সই করব। ওই সময় যখন আমরা বিদায় জানাচ্ছিলাম, তিনি আমার খুব কাছে এলেন। আমার অস্বস্তি হচ্ছিল। আমি তাঁর ঠিক উদ্দেশ্যটা বুঝতে পারিনি। তিনি আচমকাই চুমু দেন।’
“পরের বারও তাঁর অফিসে দেখা করলে তিনি চুমু দেওয়ার চেষ্টা করেন। আমি পেছনে ফিরে যাই। বলি, ‘আপনি কী করছেন? আমরা অফিসে!’ তাঁকে সরিয়ে দিই, কিন্তু আচরণ যাতে রূঢ় না হয় সে ব্যাপারে সচেষ্ট ছিলাম। কারণ আমি সত্যিই ছবিতে কাজ করতে চেয়েছিলাম”, যোগ করেন ইলনাজ।
ইলনাজ বলেন, কোনো প্রকার চুক্তি ছাড়াই ‘নমস্তে ইংল্যান্ড’ ছবির শুটিংয়ের জন্য বিপুল তাঁকে পাতিয়ালায় যেতে বলেছিলেন। “তিনি (বিপুল) বলেন, ‘আমার রুমে এসো। আমি তোমাকে চিত্রনাট্য শোনাব।’ ওই সময় তিনি আমার… স্পর্শ করেন এবং আমাকে পেছন থেকে ধরে তাঁর দিকে টেনে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে আমার রুমে চলে যাই।”
‘আমি তিন মাস ধরে নির্যাতনের শিকার হয়েছি। আমি নিশ্চিত, বিপুলের সঙ্গে বিছানা শেয়ার করলে ওই চরিত্রটা পেতাম। যত বারই আমি ওঁর অফিসে গিয়েছি, তত বারই আমাকে খারাপভাবে ছোঁয়া, গায়ে হাত দেওয়া ও চুমু খাওয়ার চেষ্টা করেছেন’, ওই প্রতিবেদনে লেখেন ইলনাজ নরৌজি।
কিন্তু তখন কেন এই বিষয়ে কিছুই বলেননি ইলনাজ? এর উত্তরও দিয়েছেন তিনি। বলেছেন, ‘আমি বিদেশি। তার ওপর বিপুল শাহ বলিউডে বেশ প্রভাবশালী। তাই তখন পুলিশে অভিযোগ করিনি। আর এই ধরনের লোকজন ক্ষমতার অপব্যবহার যাতে না করতে পারেন, সে জন্যই এখন এই দুর্বিসহ অভিজ্ঞতা শেয়ার করেছি।’
তবে এ বিষয়ে এখনো পরিচালক বিপুল শাহর কোনো মন্তব্য শোনা যায়নি। সূত্র : আনন্দবাজার ও বলিউড বাবল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button