তিনদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী

পতাকা ডেস্ক : তিনদিনের সফরে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ঢাকায় এসে পৌঁছেছেন। সোমবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় পৌঁছানোর পরপরই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা।
এছাড়া বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প দেখতে ডেনমার্কের রাজকুমারী কক্সবাজার সফর করবেন।
এছাড়া জলবায়ুর পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপর পড়ছে, তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন। সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার কথাও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর।

আরও জানা গেছে, সুন্দরবন ভ্রমণ মূলত ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের অভিজ্ঞাতাকে সমৃদ্ধ করবে। জলবায়ুর পরিবর্তন সেখানে কী কী ধরনের সংকট তৈরি করেছে এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করেছে, সেটি প্রত্যক্ষ করবেন তিনি।
আগামী ২৭শে এপ্রিল বুধবার সকালে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলে গড়ে ওঠা ‘আকাশ লীনা ইকো ট্যুরিজম’ সফর করবেন। পরে সুন্দরবন টাইগার পয়েন্ট ভ্রমণ শেষে উপকূলের জলবায়ুর কারণে প্রাকৃতিক দুরারোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। তিনি বর্ষা রিসোর্টে অবস্থান করে মধ্যাহ্নভোজ করবেন বলে তার সফরসূচি সূত্রে জানা গেছে।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকা পরিদর্শন করবেন বলে শ্যামনগর উপজেলা প্রশাসন প্রস্তুতি নিচ্ছেন। তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এই উপলক্ষে ২৬-২৭ এপ্রিল সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন ভ্রমণের সকল ধরনের পাস বন্ধ থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।
তিন দিনের সফর শেষে বুধবার রাতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারী ম্যারি এলিজাবেথের।



